Search This Blog

Sunday, October 27, 2013

নৈরাজ্য কঠোর হস্তে দমন : দেশের অবস্থা শায়েস্তা খাঁর আমলের চেয়েও ভালো - স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর বলেছেন, একজন কর্মজীবী মানুষ সারাদিন কাজ করে ৪শ’ টাকা আয় করে ১৫ কেজি চাল নিয়ে বাড়ি যেতে পারে। যা শায়েস্তা খাঁর আমলের চেয়েও ভালো। বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন প্রতিহত করার জন্য কেউ নৈরাজ্য সৃষ্টি করলে কঠোর হস্তে দমন করা হবে। তবে কেউ যদি বেলা ১২টা পর্যন্ত ঘুমিয়ে উঠে ‘শরাবান তহুরা’ খেয়ে ঘরে বসে থাকে তাহলে আমাদের কিছু করার নেই। তিনি বিরোধী দলের নেত্রীকে ইঙ্গিত করে বলেন, ’৭১ সালে আমরা যখন রণাঙ্গনে উনি তখন পাক সেনাদের মেহমানদারিতে ব্যস্ত ছিলেন। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আইন-শৃঙ্খলার অবনতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী
বলেন, ১৬ কোটি মানুষের দেশে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। তবে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিগত দিনের চেয়ে অনেক ভালো। নির্বাচনের আগে নির্বাচন বয়কটকারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। তিনি বলেন, নৈরাজ্য, ভাংচুর করলে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হবে। লুটেরারা দেশ পরিচালনার ভার পেলে গণতন্ত্র থাকবে না। গণতন্ত্র রক্ষা করতে হলে আওয়ামী লীগকে নির্বাচিত করতে হবে। সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি দাবি করেন, শেখ হাসিনার আমলেই দেশের ৯০ শতাংশ সেতু নির্মাণ করা হয়েছে। খালেদা জিয়া ও তার সাঙ্গোপাঙ্গরা কোনো সেতু নির্মাণ করতে পারেনি। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই পদ্মা সেতু নির্মাণ হবে। তিনি বলেন, জঙ্গিবাদ দমন, সন্ত্রাসী নির্মূল এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাবের ভূমিকা অনেক। দক্ষিণাঞ্চলের রক্তাক্ত জনপদকে বসবাসযোগ্য পরিবেশে রূপান্তর করতে র্যাবের সাহসী ভূমিকা সর্বজন স্বীকৃত। র্যাবের কার্যক্রমের জন্য গণতান্ত্রিক সরকার সার্বিক সহযোগিতা করে।
গতকাল রোববার দুপুরে খুলনার লবণচরা এলাকায় র্যাব-৬-এর হেডকোয়ার্টার্স ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, নির্বাচনের আগে যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর করা হবে। হরতাল করে যুদ্ধাপরাধীদের ও অপরাধী দুই সন্তানকে বাঁচানো যাবে না। খালেদা জিয়া তার দুই সন্তানকে মানুষ করতে পারেনি। জিয়া-এরশাদের সময় হোন্ডা আর গুণ্ডা দিয়ে নির্বাচন হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় না এলে র্যাবের অফিস থাকলেও কোনো সরঞ্জামাদি থাকবে না। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য ননী গোপাল মণ্ডল, র্যাবের মহাপরিচালক মো. মোখলেছুর রহমান। এতে সভাপতিত্ব করেন র্যাব-৬-এর পরিচালক লে. কর্নেল এনামুল আরিফ সুমন।
উল্লেখ্য, খুলনার রূপসা নদীর তীরবর্তী লবণচরা এলাকায় র্যাব ভবন নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে। ১২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে আট দশমিক পাঁচ একর জমির ওপর ভবনটি নির্মাণ করা হয়েছে। ২০১১ সালের ১৬ মার্চ ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

No comments:

Post a Comment