Search This Blog

Wednesday, August 31, 2016

ঢাকা শহর নিয়ে লজ্জায় ওবায়দুল কাদের

বুধবার সচিবালয়ে ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসন ও পরিবহন ব্যবস্থাপনায় ২০ বছর মেয়াদী ‘সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা’ বা আরএসটিপি’র বিষয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ মন্তব্য করেন।  

রাজধানীতে ঝিলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নিহত তানজিব পিয়ান অনিক (১৬) রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে নবম শ্রেণিতে পড়তেন। তার বাসা রামপুরার বনশ্রী এলাকায়।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাড্ডা থানার ওসি এম এ জলিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, অনিক ও তার কয়েকজন বন্ধু মিলে ঝিলে গোসল করতে নেমেছিল। অনিক সাঁতার জানত না।

Tuesday, August 30, 2016

যুদ্ধাপরাধী পুনর্বাসনকারীদেরও বিচার হওয়া উচিৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'যুদ্ধাপরাধীদের যারা পুনর্বাসন করেছেন, মন্ত্রী-উপদেষ্টা বানিয়েছেন, তাদেরও বিচার হওয়া উচিৎ। তাদের শাস্তি কী হবে, সেটিও দেশবাসীকে ভাবতে হবে। তাদের বিচার প্রকাশ্যে জনগণের সামনে হতে হবে। সেই বিচার প্রশ্নে জনমত গড়ে তুলতে হবে। আর যুদ্ধাপরাধীদের পক্ষে যারা সোচ্চার, রাজাকারের দোসর হিসেবে তাদের বিচারও জনগণ একদিন করবে।'

প্রাণভিক্ষার সিদ্ধান্ত জানাতে সময় চান মীর কাসেম

গাজীপুরে কাশিমপুর কারাগারে বন্দি মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীকে ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হওয়ার রায় পড়ে শুনানো হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কারাগারের ভেতর তাকে এ রায় পড়ে শুনানো হয়। ৬৩ বছর বয়সী মানবতাবিরোধী অপরাধী মীর কাসেম কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ কনডেম সেলে বন্দি রয়েছেন।

কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মীর কাসেম আলীর রিভিউ মামলার পূর্ণাঙ্গ রায় মঙ্গলবার দিবাগত (৩১ আগস্ট) রাত ১২টা ৪৮ মিনিটে কাশিমপুর কারাগারে এসে পৌঁছায়। পরে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তাকে তা পড়ে শুনানো হয়েছে। এ সময় মীর কাসেমের আচার-আচরণ স্বাভাবিক ছিল বলে জানান প্রশান্ত কুমার বণিক।
রাষ্ট্রপতির কাছে মীর কাসেম আলী প্রাণভিক্ষা চাইবেন কি না, জানতে চাইলে মীর কাসেম সময় চেয়েছেন এবং চিন্তাভাবনা করে পরে জানাবেন বলে জানান জেল সুপার।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ রিভিউ আবেদনের শুনানি শেষে মঙ্গলবার সকালে মীর কাসেমের ফাঁসি বহাল রেখে রায় ঘোষণা করেন। এর পরপরই বিকেল সোয়া ৫টার দিকে ২৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। প্রধান বিচারপতি নিজে রায় লেখার পর অন্য বিচারপতিরা এতে একমত পোষণ করে স্বাক্ষর করেন।

২০১০ সালের ২৯ জুন থেকে মীর কাসেম কাশিমপুর কারাগারে আছেন। তার ফাঁসি বহাল রাখার প্রতিবাদে বুধবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে স্বাধীনতাবিরোধী দল জামায়াতে ইসলামী। মীর কাসেমের রিভিউ খারিজের পর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার ও আশপাশের এলাকায় সতর্কতা বাড়ানো হয়। কারাগারের নিরাপত্তাও জোরদার করা হয়।

জন্মদিন পালনের মামলায় খালেদাকে আদালতে তলব

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালনের ঘটনায় করা নালিশি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে তলব করা হয়েছে। আগামী ১৭ অক্টোবর তাঁকে আদালতে হাজির হতে বলা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মো. মাজহারুল ইসলাম এ আদেশ দেন।
প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ওই আদালতের পেশকার আতিকুর রহমান।
এর আগে আজ সকালে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে নালিশি মামলা করেন।
গাজী জহিরুল ইসলামের আইনজীবী দুলাল মিত্র প্রথম আলোকে বলেন, ১৯৯৬ সালের ১৫ আগস্ট খালেদা জিয়া প্রথম এই দিনে জন্মদিন পালন করেন। এটি যে তাঁর ভুয়া জন্মদিন তা প্রমাণে আমরা চারটি নথি আদালতে দাখিল করেছি। এই চারটি হলো—খালেদা জিয়ার পাসপোর্টের কপি যেটাতে জন্মতারিখ উল্লেখ রয়েছে ৫ আগস্ট, বিয়ের কাবিননামা যাতে জন্মতারিখ ১৯৪৪ সালের ৯ আগস্ট, মেট্রিক পরীক্ষার নম্বরপত্র যেটাতে জন্মতারিখ ১৯৪৬ সালের ৫ সেপ্টেম্বর এবং দৈনিক বাংলা পত্রিকায় ১৯৯১ সালে প্রকাশিত তাঁর জীবনীর কপি যাতে উল্লেখ রয়েছে তাঁর জন্মতারিখ ১৯৪৫ সালের ১৯ আগস্ট।
মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, ১৯৯৬ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ইচ্ছাকৃতভাবে ভুয়া জন্মদিনে উৎ​সব করেন খালেদা জিয়া ও তাঁর দলের নেতা-কর্মীরা। দিন পালন করে। ওই অনুষ্ঠানে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নামে কুৎ​সা ও বানোয়াট কথা বলা হয়। এ কারণে নালিশি মামলাটি করা হয়েছে।

Sunday, October 27, 2013

নির্দলীয় ব্যবস্থা নীতিগতভাবে মেনে নিলে সংলাপ বিশ্বাসযোগ্য হবে - ফখরুল : ‘আন্দোলন ঠেকাতে সরকার এখনও দুর্বিনীত’

 বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গতকাল হরতালে সারাদেশে মানুষ যেভাবে রাজপথে নেমে এসেছে, তাতে গণঅভ্যুত্থানের মতো অবস্থার সৃষ্টি হয়েছে। এই অভ্যুত্থান ঠেকাতে বিরোধী দল দমনে সরকার এখনও দুর্বিনীত। কিন্তু সরকারের মনে রাখা উচিত, র্যাব, পুলিশ, বিজিবি কিংবা দলীয় ক্যাডার দিয়ে জনতার
আন্দোলন ঠেকানো যাবে না।
গতকাল নয়াপল্টনে প্রথম দিনের ১০ ঘণ্টা হরতালের পর এক সংবাদ সম্মেলনে তিনি সারাদেশে হত্যা, হামলা ও গ্রেফতারের একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন। মির্জা ফখরুল বলেন, সারাদেশে এ পর্যন্ত ১৮ দলের তিনজন নিহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে ছয় শতাধিক নেতাকর্মীকে। আহত হয়েছেন ১৫শ’ জন। ১৫ হাজারের বেশি নেতাকর্মীকে আসামি করে মামলা দেয়া হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত ১২ জনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছে।
টানা ৬০ ঘণ্টা হরতালের প্রথম দিনে সারাদেশে পুলিশ-র্যাব-বিজিবিসহ আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণ, হামলা ও গ্রেফতারের ঘটনা তুলে ধরে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, একদিকে মুখে সমঝোতা ও সংলাপের কথা বললেও তাদের অন্তর্গত স্বচ্ছতা নিয়ে আমরা সন্দিহান। বিরোধী দল দমনে সরকার আগের মতোই দুর্বিনীত ও অপরিণামদর্শী আচরণ করছে। বরাবরের মতো আজও (গতকাল) তারা সরকারের আইনশৃঙ্খলা বাহিনী এবং তাদের পাখনার নিচে পালিত ছাত্রলীগ-যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা নিষ্ঠুর পাশবিকতায় মেতে উঠেছে। তাদের হাতে তিনজন নিহত হওয়ার খবর আমাদের কাছে এসে পৌঁছেছে।
হরতাল আহ্বান সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি গত পাঁচ বছরে বিভিন্ন দাবিতে ১৬ কি ১৭ দিন হরতাল করেছে। শুধু নির্দলীয় সরকারের দাবিতে আজ থেকে তিনদিনের হরতাল করছি। অন্যদিকে আওয়ামী লীগ ১৯৯৫-৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য ১৭৩ দিন হরতাল করেছিল। লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করে মৃতদেহের ওপর নৃত্য করেছিল। এসব নানা নারকীয় ঘটনা দেশের মানুষ ভুলে যায়নি।’
সংলাপ সম্পর্কে দলের অবস্থান পুনরুল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বিদ্যমান শঙ্কা, অস্বস্তি ও নৈরাজ্য দূর করতে হলে সংলাপের কোনো বিকল্প নেই। সংলাপে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার নীতিগত বিষয়টি আলোচনার প্রধান বিষয়বস্তু হতে হবে। অন্যথায় সরকারের সমঝোতা ও সংলাপের আহ্বান জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে না।
তিনি অভিযোগ করে বলেন, সরকার শেষ সময়ে এসে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা বুঝতে পেরেছে, বিএনপি নির্বাচনে এলে তাদের আর ক্ষমতায় আসার সম্ভাবনা নেই। সেজন্য বিএনপিকে বাদ দিয়ে একদলীয় নির্বাচন করতে নানা কৌশল করছে।
তিনি বলেন, সরকার সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিভিন্ন জায়গায় ১৪৪ ধারা জারি করা হচ্ছে। আমি অবিলম্বে সরকারকে সভা-সমাবেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান জানাচ্ছি।
সরকারের দ্বৈতনীতির কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, একদিকে সভা-সমাবেশ-মিছিল বন্ধ করা হয়েছে অথচ সরকারি দলের নেতাকর্মীরা রাজধানীতে পুলিশের ছত্রছায়ায় মিছিল করছে; অন্যদিকে বিরোধী দলকে মিছিল তো দূরের কথা, কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে।
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মনিরুজ্জামান রেজিনকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পুলিশ আটক করার পর তার কোনো সন্ধান মিলছে না দাবি করে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আটকের পর রেজিনকে পুলিশ বলেছে, তোমার সিনিয়র নেতাদের আসতে বলো, তাহলে তোমাকে ছেড়ে দেবো। এরপর থেকে এখন পর্যন্ত রেজিনের কোনো হদিস পুলিশ দিচ্ছে না। বিষয়টি আমাদের কাছে উদ্বেগ-উত্কণ্ঠা সৃষ্টি করেছে। তিনি অবিলম্বে রেজিনের মুক্তির দাবি জানান।
মির্জা ফখরুল অভিযোগ করেন, চলমান আন্দোলন ও গণতন্ত্রকে নস্যাত্ করতে সরকারের এজেন্টরা প্রধান বিচারপতিসহ বিচারপতি ও নির্বাচন কমিশন সচিবালয়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছে।
তিনি বলেন, সরকারের এজেন্টরা নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে চলমান আন্দোলন ও গণতন্ত্রকে নস্যাত্ করতে এই অপকর্ম করছে। এসব দুষ্কৃতকারীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি।
একই সঙ্গে হরতাল কর্মসূচিতে সংবাদপত্র ও গণমাধ্যমের যানবাহনে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য দল ও জোটের নেতাকর্মীদের প্রতিও আহ্বান জানান ফখরুল।
হরতালের প্রথম দিনে হেয়ার রোডে প্রধান বিচারপতির বাসভবনের কাছে এবং শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল বিকালে ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিনের পরিস্থিতি তুলে ধরতে এই সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ১৮ দলীয় জোট সারাদেশে গতকাল রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত লাগাতার ৬০ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় খালেদা জিয়া এই কর্মসূচি ঘোষণা করেন।
হরতালের আওতামুক্ত : মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ও লেবেল পরীক্ষার্থীরা হরতালের আওতামুক্ত থাকবে। ইতোমধ্যে আমরা এ বিষয়ে ঘোষণা দিয়েছি। হজ শেষে হাজীরা দেশে ফিরে আসছেন। তাদের বহনকারী যানবাহনও হরতালের বাইরে থাকবে। বৃহস্পতিবার বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ। ওই ম্যাচের খেলোয়াড়-কর্মকর্তাদের বহনকারী গাড়িও হরতালের আওতামুক্ত থাকবে।
সংবাদপত্র ও গণমাধ্যমের যানবাহনের ওপর বোমা হামলার ঘটনাকে সন্ত্রাসীদের কর্মকাণ্ড অভিহিত করে তিনি বলেন, আমরা সংবাদপত্রের গাড়ির ওপর হামলার ঘটনার নিন্দা জানাচ্ছি। আমি ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের বলব, এ ধরনের ঘটনা ঘটলে আপনারা ব্যবস্থা নেবেন।
হরতাল শুরুর আগে থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১, দেশ টিভি, চ্যানেল টোয়েন্টিফোরসহ কয়েকটি মিডিয়ার গাড়ি ও কার্যালয়ের সামনে অজ্ঞাতরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর বিএনপির সদস্য-সচিব আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, বেলাল আহমেদ, যুবদলের কেন্দ্রীয় নেতা আ ক ম মোজাম্মেল, ফরহাদ হোসেন আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নৈরাজ্য কঠোর হস্তে দমন : দেশের অবস্থা শায়েস্তা খাঁর আমলের চেয়েও ভালো - স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর বলেছেন, একজন কর্মজীবী মানুষ সারাদিন কাজ করে ৪শ’ টাকা আয় করে ১৫ কেজি চাল নিয়ে বাড়ি যেতে পারে। যা শায়েস্তা খাঁর আমলের চেয়েও ভালো। বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন প্রতিহত করার জন্য কেউ নৈরাজ্য সৃষ্টি করলে কঠোর হস্তে দমন করা হবে। তবে কেউ যদি বেলা ১২টা পর্যন্ত ঘুমিয়ে উঠে ‘শরাবান তহুরা’ খেয়ে ঘরে বসে থাকে তাহলে আমাদের কিছু করার নেই। তিনি বিরোধী দলের নেত্রীকে ইঙ্গিত করে বলেন, ’৭১ সালে আমরা যখন রণাঙ্গনে উনি তখন পাক সেনাদের মেহমানদারিতে ব্যস্ত ছিলেন। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আইন-শৃঙ্খলার অবনতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী
বলেন, ১৬ কোটি মানুষের দেশে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। তবে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিগত দিনের চেয়ে অনেক ভালো। নির্বাচনের আগে নির্বাচন বয়কটকারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। তিনি বলেন, নৈরাজ্য, ভাংচুর করলে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হবে। লুটেরারা দেশ পরিচালনার ভার পেলে গণতন্ত্র থাকবে না। গণতন্ত্র রক্ষা করতে হলে আওয়ামী লীগকে নির্বাচিত করতে হবে। সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি দাবি করেন, শেখ হাসিনার আমলেই দেশের ৯০ শতাংশ সেতু নির্মাণ করা হয়েছে। খালেদা জিয়া ও তার সাঙ্গোপাঙ্গরা কোনো সেতু নির্মাণ করতে পারেনি। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই পদ্মা সেতু নির্মাণ হবে। তিনি বলেন, জঙ্গিবাদ দমন, সন্ত্রাসী নির্মূল এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাবের ভূমিকা অনেক। দক্ষিণাঞ্চলের রক্তাক্ত জনপদকে বসবাসযোগ্য পরিবেশে রূপান্তর করতে র্যাবের সাহসী ভূমিকা সর্বজন স্বীকৃত। র্যাবের কার্যক্রমের জন্য গণতান্ত্রিক সরকার সার্বিক সহযোগিতা করে।
গতকাল রোববার দুপুরে খুলনার লবণচরা এলাকায় র্যাব-৬-এর হেডকোয়ার্টার্স ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, নির্বাচনের আগে যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর করা হবে। হরতাল করে যুদ্ধাপরাধীদের ও অপরাধী দুই সন্তানকে বাঁচানো যাবে না। খালেদা জিয়া তার দুই সন্তানকে মানুষ করতে পারেনি। জিয়া-এরশাদের সময় হোন্ডা আর গুণ্ডা দিয়ে নির্বাচন হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় না এলে র্যাবের অফিস থাকলেও কোনো সরঞ্জামাদি থাকবে না। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য ননী গোপাল মণ্ডল, র্যাবের মহাপরিচালক মো. মোখলেছুর রহমান। এতে সভাপতিত্ব করেন র্যাব-৬-এর পরিচালক লে. কর্নেল এনামুল আরিফ সুমন।
উল্লেখ্য, খুলনার রূপসা নদীর তীরবর্তী লবণচরা এলাকায় র্যাব ভবন নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে। ১২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে আট দশমিক পাঁচ একর জমির ওপর ভবনটি নির্মাণ করা হয়েছে। ২০১১ সালের ১৬ মার্চ ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।